নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৫৪ এএম
আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরের পাঁচ দিনে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (২৯ নভেম্বর) আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। ওই দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (৩০ নভেম্বর) সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। রাজধানীতে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যোদয় ৬টা ২২ মিনিটে, সূর্যাস্ত ৫টা ১০ মিনিটে। সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন