শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

প্রকৃতির পাঠশালা উদ্বোধনে শিক্ষামন্ত্রীর আহ্বান

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৭:২৯ এএম

প্রকৃতির পাঠশালা উদ্বোধনে শিক্ষামন্ত্রীর আহ্বান

প্রকৃতির পাঠশালা উদ্বোধন

শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করতে হবে, কারণ খেলাধুলা শিশুদের শরীর ও মন সুস্থ রাখে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ প্রকৃতির পাঠশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে শিক্ষাক্রমে নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীলতাতেও পারদর্শী হয়ে ওঠে।

শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে বিদ্যালয়গুলোতে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। যেসব বিদ্যালয়ে খেলার মাঠ নেই, সেসব বিদ্যালয়েও ছোট ছোট খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে, আর ভাঙাচোরা ভবন পর্যায়ক্রমে সংস্কার করা হবে।

খোলামেলা পরিবেশে কাঠ, বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয়েছে পাঠশালাটি। ছনের ঘর, বাঁশের বেড়া এবং চারপাশের সবুজ প্রকৃতির সমন্বয়ে গড়ে ওঠা এ পাঠশালায় প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি গাছপালা, পাখি, পরিবেশ, নৈতিকতা, মূল্যবোধ ও বাস্তব জীবনের নানা বিষয় সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবে শিশুরা। প্রকৃতিনির্ভর এমন পাঠশালা সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এ সময় প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।