রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

বিশ্ব প্রাণী দিবস আজ

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ১০:৩১ এএম

বিশ্ব প্রাণী দিবস আজ

ছবি: Ai

প্রকৃতির ভারসাম্য রক্ষা, প্রাণীদের অধিকার সংরক্ষণ এবং তাদের প্রতি মানুষের সদয় আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে রোববার পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে প্রাণীদের কল্যাণে গণসচেতনতা তৈরি করতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপিত হচ্ছে। দিবসটির মূল লক্ষ্য হলো প্রাণীদের অধিকার প্রতিষ্ঠা করা।

একই সঙ্গে মানুষের দায়িত্বশীল আচরণ উৎসাহিত করতে বন্য প্রাণী সংরক্ষণের পাশাপাশি পোষা প্রাণী ও মানুষের উপকারে আসে এমন প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর এবারও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই প্রাণিকল্যাণে যুক্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিয়মিত এই দিবসটি পালন করে আসছে।

এরও আগে ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মান লেখক হেনরিক জিম্মারমেন বার্লিন স্পোর্টস প্যালেসে প্রথমবারের মতো প্রাণী দিবসের এক আয়োজন করেন। পরবর্তী সময়ে ১৯২৯ সাল থেকে ৪ অক্টোবর দিবসটি পালন শুরু হয় এবং ধীরে ধীরে তা আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে।

পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় প্রাণিকূল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করা, তাদের জন্য নিরাপদ প্রাকৃতিক আবাসস্থল নিশ্চিত রাখা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য অটুট রাখতে মানুষের দায়িত্বশীল ভূমিকার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে আন্তর্জাতিক এই দিবসটি।