শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন আজ

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৮:২৬ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২০২৬ আজ অনুষ্ঠিত হচ্ছে। দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ এ সম্মিলনে অংশ নিচ্ছেন। সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সম্মিলন শুরু হবে। সম্মিলনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক।

অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে সম্মিলনে আলোচনা হবে। শিক্ষায় গুণগত পরিবর্তন, কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দেশের ৬৪ জেলা থেকে অধ্যক্ষ ও অতিথিরা সম্মিলনে অংশ নেবেন বলে প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, অধ্যক্ষ সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় বাড়ানো হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজগুলোর অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।