নভেম্বর ২৮, ২০২৬, ০৮:১৭ এএম
পরীক্ষায় নকলের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। একজনের ছাত্রত্ব দুই শিক্ষাবর্ষ অর্থাৎ চার সেমিস্টারের জন্য স্থগিত করা হয়েছে। ১১ জনের ছাত্রত্ব এক শিক্ষাবর্ষ অর্থাৎ দুই সেমিস্টারের জন্য স্থগিত করা হয়েছে। ১৩ জনের দুটি করে বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ৩৪ জনের একটি করে বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আব্দুল আলিম ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপউপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের শাস্তি কার্যকর করা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এখন তা আবার শুরু হয়েছে। বেশির ভাগ শিক্ষার্থীর এক বা দুটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। যেসব শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সে অসদুপায় অবলম্বনের ঘটনা ঘটেছে, তাঁদের সতর্কও করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় কাম্য নয়। শিক্ষকদের শ্রেণিকক্ষে বিষয়টি গুরুত্বের সঙ্গে শিক্ষার্থীদের বোঝাতে হবে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য শূন্য সহনশীলতার নীতি বজায় রাখতে হবে।
এর আগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪৯তম সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের দায়ে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন