নভেম্বর ২৮, ২০২৬, ০৯:২৬ এএম
ফেনীর পরশুরামে পর্তুগাল যাওয়ার প্রলোভনে পাঁচ যুবকের কাছ থেকে প্রায় ৫৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে মানবপাচার আইনে মামলা হয়েছে। ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম পাঁচজনকে আসামি করে পরশুরাম মডেল থানায় মামলাটি করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মামলাটি করা হয়। বাদী মো. সাইফুল ইসলাম (৩৫) পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে।
মামলার আসামিরা হলেন উত্তর কেতরাঙ্গা গ্রামের মো. আবদুল খালেকের ছেলে মো. জুয়েল রানা (৩৫), একই গ্রামের মো. আবদুল মতিনের ছেলে মো. নাছির উদ্দিন (৩৫), ধনীকুন্ডা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. নাছির প্রকাশ খোকন (৩৩), একই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. আবু বক্কর প্রকাশ বাচ্চু মিয়া (৫০) ও কেতরাঙ্গা মাস্টারপাড়া গ্রামের মো. মজিবুল হকের ছেলে মো. শাহীন (৩০)।
বাদী ছাড়াও অন্য ভুক্তভোগীরা হলেন মো. শাকিল (২৫), মো. রাকিব হোসেন (২৬), মো. সুমন মিয়া (৩৩) ও মো. তানভির আহমেদ (৩৩)। ভুক্তভোগীরা সবাই পরশুরাম উপজেলার বাসিন্দা।
এজাহারে বলা হয়, ২০২৩ সালে সাইফুল ইসলাম পর্তুগাল যাওয়ার চেষ্টা করছিলেন। তখন জুয়েল রানা, নাছির উদ্দিন ও নাছির প্রকাশ খোকন তাকে প্রলোভন দেখান। তারা জানান, জুয়েল রানা পর্তুগালপ্রবাসী এবং তার মাধ্যমে অল্প খরচে পর্তুগাল পাঠানো যাবে, সেখানে পৌঁছে তার সঙ্গেই কাজ করা যাবে। একইভাবে শাকিল, রাকিব, সুমন ও তানভিরকেও তারা প্রলুব্ধ করেন।
জুয়েল রানার কথায় বিশ্বাস করে পাঁচজনই তার হাতে টাকা তুলে দেন। প্রথমে সাইফুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়া হয়, পরে ধাপে ধাপে আরও টাকা নেওয়া হয়। সব মিলিয়ে সাইফুল ইসলামের কাছ থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা, শাকিলের কাছ থেকে ১১ লাখ টাকা, রাকিব হোসেনের কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা, সুমন মিয়ার কাছ থেকে ১০ লাখ টাকা এবং তানভির আহমেদের কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর আসামিরা তাদের দুবাই হয়ে পর্তুগাল পাঠানোর পরিকল্পনা করেন। সেই অনুযায়ী ২০২৪ সালের ১৩ আগস্ট তারা ঢাকা থেকে দুবাইয়ে যান। সেখান থেকে একই বছরের ২৩ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে প্রায় ছয় মাস থাকেন। এরপর সেখানকার এক ব্যক্তির মাধ্যমে পর্তুগালে যাওয়ার পরিবর্তে ফের দুবাইয়ে ফিরে যান।
পরে দুবাইয়ে কয়েক মাস থেকে ২০২৫ সালের ১৩ মার্চ ঢাকায় ফেরেন তারা। দেশে ফিরে টাকা ফেরত চাইলে আসামিরা প্রথমে সময়ক্ষেপণ করেন, পরে হুমকি-ধমকি দিতে থাকেন। তাই তারা মামলা করেছেন বলে জানান সাইফুল ইসলাম।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম বলেন, মানবপাচার আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন