নভেম্বর ২৮, ২০২৬, ১২:৪৬ পিএম
দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এই উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এই উদ্যোগগুলো ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে উন্নত সড়ক যোগাযোগব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।
একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর, সীমান্তবর্তী এলাকা এবং এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মপরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এ কাজে সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও যুক্ত করা হবে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যেসব সড়কে যানবাহনের চাপ এবং পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা বেশি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং পাঁচ বছরের পরিকল্পনায় গ্রিড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে এবং রাজধানীর পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
জাতীয় মহাসড়কের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ছয় মাসে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে দুর্বল যোগাযোগ রয়েছে এমন এলাকা—বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলো চিহ্নিত করা হবে। এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ কাজ শুরু হবে এবং পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করা হবে। বর্ষা মৌসুমে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে সড়কের স্থায়িত্ব, পানি নিষ্কাশন, কালভার্ট ও ছোট সেতুর সক্ষমতা নিশ্চিত করার বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে।
অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের ক্ষয়ক্ষতি রোধে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন, এক বছরের মধ্যে সারা দেশে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা চালুর মাধ্যমে নির্ধারিত ওজনসীমা অতিক্রমকারী পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে। যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে এবং প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর নতুন সেতু নির্মাণের উদ্যোগও বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া-দৌলতদিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগ ও এক বছরের মধ্যে সমীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, একটি কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে পুরো করিডরের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে এবং ম্যাপিংয়ের মাধ্যমে নতুন সড়ক নির্মাণ, মহাসড়ক সম্প্রসারণ ও সংযোগ সড়কের স্থান নির্ধারণ করা হবে। নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা অনুযায়ী কারিগরি প্রস্তুতি ও বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
তবে বিপুল অর্থায়ন নিশ্চিত করা, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, নির্মাণমান নিয়ন্ত্রণ এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে।
শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনাহীন সংযোগ, বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে নতুন সড়কেও যানজট তৈরি হয়। তাই এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং প্রকল্পের প্রস্তুতি, অর্থায়ন ও জমি অধিগ্রহণের কাজ আগে থেকেই এগিয়ে রাখতে হবে বলে মত দেন এই পরিবহন বিশেষজ্ঞ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন