মে ১৪, ২০২৬, ০৫:২৮ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেল্পার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টায় উপজেলার পুলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন চালক প্রবীর রায় (৩৬) এবং হেল্পার জুয়েল রানা (১৮)। প্রবীর লালমনিরহাট জেলার বাসিন্দা এবং জুয়েল কুড়িগ্রাম সদরের আব্দুল হাকিম মিয়ার ছেলে।
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো ট-২০-২১৪০ নম্বরের একটি বড় কাভার্ডভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে পুলিয়া ওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা মিষ্টি বোঝাই আরেকটি ছোট কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন-১৫-৫৫০৯) দাঁড়িয়ে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ছোট কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে বড়টির ভেতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেল্পারের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু জাফর মিয়া জানান, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে মিষ্টির গাড়িটি ধাক্কা দেওয়ায় এই প্রাণহানি ঘটেছে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গাড়ি দুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন