নভেম্বর ১২, ২০২৬, ০৪:১৩ পিএম
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই এনসিপির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে পতিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সাধারণ মানুষের কাছে এই অপশক্তি আর কখনোই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা এ ধরনের কুকর্ম করে বেশিদিন টিকে থাকতে পারবে না। তবে এই অপশক্তি কখনো চুপচাপ বসে থাকে না এবং তারা বিভিন্ন অপকৌশলে লিপ্ত রয়েছে। বিভিন্ন টকশোতেও ফ্যাসিস্টদের দোসররা নানাভাবে মিথ্যা বয়ান তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতে হঠাৎ বাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এই আকস্মিক অগ্নিকাণ্ডে একতলা টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। এদিকে ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন