সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৪:৫৭ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্যান্টের পকেটে ও ব্যাগেজে অভিনব কৌশলে লুকিয়ে আনা ৫৩১ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা সোনার মধ্যে ৪২৫ গ্রাম ওজনের চব্বিশ ক্যারেটের একটি ভারী পিণ্ড রয়েছে।
বিমানবন্দরে পাচারের এই চেষ্টা ভেস্তে দিল গোয়েন্দারা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ওমানের মাসকাট থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ওই যাত্রীকে আটক করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, মোহাম্মদ হাসান মুরাদ নামের ওই যাত্রী শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর তাঁর ব্যাগেজ ও শরীরে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দারা।
তল্লাশির একপর্যায়ে তাঁর ব্যাগেজের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্ট আকারের সোনাসদৃশ বস্তু খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে একজন পেশাদার স্বর্ণকারের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় ওই পেস্ট প্রক্রিয়াজাত করে ৪২৫ গ্রাম ওজনের চব্বিশ ক্যারেটের একটি নিরেট সোনার পিণ্ড উদ্ধার করা হয়। এর পাশাপাশি আটক যাত্রীর পরিহিত প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার জব্দ করা হয়।
জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য শুল্ক ও করসহ এক কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।
বিশেষ কৌশলে সোনা পাচারের এ ঘটনায় আটক যাত্রী মোহাম্মদ হাসান মুরাদের বিরুদ্ধে স্থানীয় পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন