শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

শাহ আমানত বিমানবন্দরে ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ০১:১৬ পিএম

শাহ আমানত বিমানবন্দরে ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের চালান জব্দ করেছে কর্তৃপক্ষ। শনিবার (২ মে) রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে পরিচালিত এক অভিযানে এই অবৈধ পণ্যগুলো উদ্ধার করা হয়।বিমানবন্দর সূত্র জানিয়েছে, মাস্কট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে প্রথমে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। 

একই সময়ে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে দীর্ঘক্ষণ যাত্রীবিহীন অবস্থায় পড়ে থাকা আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। সব মিলিয়ে মোট ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জব্দ করা এই সিগারেট থেকে সম্ভাব্য ফাঁকি দেওয়া রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও ল্যাপটপ সরকারি বিধি অনুযায়ী ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আটক যাত্রী শামসুদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বাকি সিগারেটের চালানের মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। বিমানবন্দরের নিরাপত্তা ও চোরাচালান রোধে এ ধরনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।