নভেম্বর ২৮, ২০২৬, ০২:১৩ পিএম
সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) রাত ২টার পর উপজেলার রুদ্রানী বর্ডার আউটপোস্টের দায়িত্বপূর্ণ আদিবাসীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ভারতীয় নেশাজাতীয় ওই ট্যাবলেটগুলোর জেনেরিক নাম ALPRAZOLAM 0.5 এবং জব্দকৃত মালামালের সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা বলে ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে।
ঘটনার সময় চোরাকারবারিরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন