শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
জাতীয় ও নিরাপত্তা

স্বরাষ্ট্রমন্ত্রী : পিলখানায় আহত তিন বিজিবি সদস্যকে দেখলেন

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০২:২৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী : পিলখানায় আহত তিন বিজিবি সদস্যকে দেখলেন

গোপালগঞ্জ ও গাজীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) হাসপাতালে গিয়ে তিনি আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রী তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির অপারেশনস রুম ঘুরে দেখেন। সেখানে তিনি অপারেশনস রুমের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন।

সেই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।

বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।