নভেম্বর ২৮, ২০২৬, ০২:৩৪ পিএম
ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাই কার্যক্রমের বাস্তবায়নবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের অনেক পরিবার নিঃস্ব হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন ভূমি অফিসে গিয়ে হয়রানি ও ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
দীর্ঘদিনের ভূমি ব্যবস্থাপনার জটিলতা থেকে মানুষকে মুক্তি দিতে হবে জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, জমি নিয়ে বিরোধ ও অসন্তোষ নিরসনে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের মাধ্যমে ভবিষ্যতে জনগণের জন্য নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে ভূমিমন্ত্রী নির্দেশ দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও অসহায় কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে এবং কেউ যেন হয়রানির শিকার না হন ও ভূমিদস্যুরা যেন কোনোভাবেই প্রশ্রয় না পান, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
দায়িত্ব পালনে কোনো ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে এবং মানুষের সেবা করার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে জবাবদিহির অনুভূতি নিয়েও কাজ করতে হবে।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার উদাহরণ তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, সম্প্রতি মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় এ নিয়োগ সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও তথ্যপ্রযুক্তিনির্ভর করতে ইউএনডিপির কারিগরি সহযোগিতা প্রশংসনীয়। শুধু ভূমির তথ্য ডিজিটাইজ করলেই হবে না, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, যাচাই করা এবং নিয়মিত হালনাগাদ করাও জরুরি উল্লেখ করে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় ও পেশাদারিত্ব বজায় রেখে নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার তাগিদ দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার। তিনি ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের উদ্যোগকে দূরদর্শী পদক্ষেপ উল্লেখ করে বলেন, এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জমিসংক্রান্ত জটিলতা ও দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে জানান, দেশের ৬৪টি জেলায় প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং মানসম্মত যাচাই প্রক্রিয়া ও ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। নির্ভুল ভূমি রেকর্ড রাজশাহীর কৃষক, পরিবার ও নারী ভূমিমালিকদের ভূমির অধিকার সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিরোধ নিষ্পত্তি এবং নাগরিকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন