শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
মানবিক ও শীতবস্ত্র সহায়তা

সদরঘাট ও ভিক্টোরিয়া পার্কে তিন শতাধিক শীতার্তকে শীতবস্ত্র

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০২:৫৯ পিএম

সদরঘাট ও ভিক্টোরিয়া পার্কে তিন শতাধিক শীতার্তকে শীতবস্ত্র

রাজধানীর ফুটপাত, পার্ক কিংবা খোলা আকাশের নিচে রাত কাটানো ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকার সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় পথশিশুসহ তিন শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

শীতের সকালে কুয়াশায় ঢাকা শহর আর রাতে হিমেল বাতাসে যাদের নিরাপদ ছাদ ও পর্যাপ্ত গরম কাপড় নেই, তাদের প্রতিটি রাতই কষ্টের হয়ে ওঠে। শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সদস্যরা সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকার বিভিন্ন স্থানে গিয়ে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে কিছুটা স্বস্তি এনে দেওয়ার চেষ্টা করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগী জামাল বলেন, শীতের মধ্যে তাঁদের অনেক কষ্ট হয় এবং গরম কাপড়ের অভাবে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না; আজ কাপড় দেওয়ায় অনেক উপকার হবে।

এই উদ্যোগের বিশেষ দিক ছিল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হলের শিক্ষার্থীদের কাছ থেকে আন্তরিকভাবে সংগ্রহ করা শীতবস্ত্রগুলোও শীতার্ত মানুষের হাতে তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা, যা দেখায় মানুষের পাশে দাঁড়াতে বড় আয়োজন বা বিপুল সামর্থ্যের চেয়ে অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা ও আন্তরিক ইচ্ছাই প্রধান।

একটি শীতবস্ত্র অনেকের কাছে সামান্য উপহার হলেও যার পর্যাপ্ত পোশাক নেই, তার কাছে তা অনেক বড় স্বস্তি। এই কার্যক্রমের মধ্য দিয়ে সমাজের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রমাণ হয়েছে যে প্রকৃত শিক্ষা কেবল শ্রেণিকক্ষের পাঠ বা ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানো ও সামাজিক দায়িত্ব পালনও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

বসুন্ধরা শুভসংঘ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা কমিটির আহ্বায়ক জান্নাতুল মাওয়া লিশার সভাপতিত্বে ওই আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামিয়া জামান। এ ছাড়া হল শাখা কমিটির সদস্য সামসুন্নাহার মুক্তা, সুরাইয়া অনু, বিথি কুন্ডু, মিথিলাসহ বসুন্ধরা শুভসংঘের অন্যান্য সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

জান্নাতুল মাওয়া লিশা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাঁদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিশেষ করে শীতে যাদের পর্যাপ্ত পোশাক বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেই, তাঁদের কষ্ট বুঝে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রত্যেকের মানবিক কর্তব্য এবং এই উদ্যোগের মাধ্যমে মানুষের মুখে কিছুটা স্বস্তি ও আনন্দ ফিরিয়ে আনতে চান তাঁরা।

সামিয়া জামান বলেন, একটি সুন্দর ও সহমর্মী সমাজ গড়তে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য এগিয়ে আসতে হবে। বসুন্ধরা শুভসংঘের এই সামান্য প্রচেষ্টা কারও শীতের কষ্ট কিছুটা কমাতে পারলে সেটিই হবে তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং মানুষের কল্যাণে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। এর ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছাসেবা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।