শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
নিত্যপণ্যের বাজারদর

বাজারে উঠেছে নতুন দেশি আলু, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০২:৫১ পিএম

বাজারে উঠেছে নতুন দেশি আলু, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়

রাজশাহীর বাজারে উঠেছে নতুন দেশি আলু, তবে দাম চড়া হওয়ায় স্বাদ নিতে ক্রেতাদের অনেকেই কিনছেন ২৫০ থেকে ৫০০ গ্রাম করে। প্রায় অর্ধশতাধিক দোকান ঘুরে মাত্র একটি দোকানে প্রতি কেজি ৮০ টাকা দরে নতুন দেশি আলু বিক্রি করতে দেখা গেছে এবং চলতি সপ্তাহে রাজশাহীর বাজারে কিছুটা বেড়েছে কয়েক ধরনের সবজির দামও।

শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে নগরীর বিনোদপুর, সাহেববাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ডিম, মাছ, মুরগি এবং গরু-খাসির মাংসের বাজারে গত সপ্তাহের তুলনায় তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।

বাজার ঘুরে পাওয়া তথ্যানুযায়ী, বর্তমানে প্রতি কেজি ডায়মন্ড আলু ২৫ টাকা, দেশি আলু ৮০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, দেশি শসা ৭০ টাকা, বিদেশি শসা ৫০ টাকা, পটল ৩৫ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, বেগুন ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং টমেটো ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি শিম ১০০ টাকা, মুলা ৩০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ঝিঙে ৫০ টাকা, করলা ৬০ টাকা ও কচুর লতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা ও পেঁপে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম প্রায় অপরিবর্তিত থাকলেও কিছু সবজির দাম বেড়েছে এবং বিভিন্ন ধরনের শাক আগের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, সামগ্রিকভাবে বাজারে বড় ধরনের অস্থিরতা না থাকলেও গত সপ্তাহে কিছুটা কমার পর চলতি সপ্তাহে মুরগি ও ডিমের দাম আবারও কিছুটা বেড়েছে।

বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা, লেয়ার মুরগি প্রায় ৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি হালি দেশি মুরগির ডিম ৬৫ থেকে ৭০ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা, ফার্মের লাল ডিম ৪৪ টাকা এবং সাদা ডিম ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি রুই মাছ ২৬০ থেকে ৩০০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৭০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং চাষের শিং ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া টেংরা ৫৫০ থেকে ৬৫০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৯০০ টাকা এবং কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতা পাপিয়া জানান, গত সপ্তাহের তুলনায় আজ সবজির দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ৬০ টাকা কেজিতে শিম কিনলেও এই সপ্তাহে ১০০ টাকা চাওয়া হচ্ছে এবং ফুলকপিসহ কিছু সবজি হঠাৎ চড়া দামে বিক্রি হওয়ায় সবকিছু হিসাব করেই কিনতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আরেক ক্রেতা চম্পা রাণী বলেন, দেশি আলু দেখে কিনতে এলেও দাম অনেক চড়া; যেখানে বিদেশি আলু ২৫ টাকা, সেখানে দেশি আলু ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবুও নতুন আলুর স্বাদ নিতে ৫০০ গ্রাম কিনেছেন জানিয়ে তিনি বলেন, এই সপ্তাহে সবজির বাজারও কিছুটা চড়া।

মুরগি বিক্রেতা আকরাম জানান, গত সপ্তাহের তুলনায় মুরগির দাম স্থিতিশীল রয়েছে এবং প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবে শীতকালে মুরগির দাম আরও বাড়তে পারে।

সাহেববাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, পাইকারিতে দাম কিছুটা বেশি থাকায় তাঁদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। চলতি সপ্তাহে বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও দেশি আলু, শিম, ফুলকপি ও শসার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবে এই বাড়তি দাম বেশিদিন থাকবে না বলে জানান তিনি।