নভেম্বর ২৮, ২০২৬, ০৩:১৩ পিএম
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রথমবারের মতো ভরি ২ লাখ টাকা ছাড়াল সোনার দাম।
শনিবার (২৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৬ ও ২৭ নভেম্বর ভরিতে ১ হাজার ৫০ টাকা করে বাড়ানো হয়েছিল। এ নিয়ে টানা তিন দফা বাড়ল সোনার দাম।
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা। বাজুসের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ১৪৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭০ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৭ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অলংকারের নকশা ও ধরন অনুসারে মজুরি দিতে হবে। নির্ধারিত সোনার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো অলংকার বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন দাম কার্যকর থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন