নভেম্বর ২৮, ২০২৬, ০৩:২৫ পিএম
নড়াইলে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। জেলার তিন উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে আমনের চাষ হয়েছে। পাকা ধান কাটা ও মাড়াই প্রায় শেষের পথে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ মৌসুমে তিন উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৪৬৫ হেক্টর। কৃষি বিভাগের চেষ্টা ও কৃষকদের আগ্রহে চাষ হয়েছে ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে। আবাদ করা জমি থেকে ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মোট আবাদি জমির ৭৫ শতাংশের পাকা ধান কাটা শেষ হয়েছে।
উপজেলাভিত্তিক হিসাবে সদর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ১৪০ হেক্টর, চাষ হয়েছে ২০ হাজার ১৬৩ হেক্টর। লোহাগড়া উপজেলায় লক্ষ্যমাত্রা ১১ হাজার ২৬৫ হেক্টর, চাষ হয়েছে ১১ হাজার ৪৫০ হেক্টর। কালিয়া উপজেলায় লক্ষ্যমাত্রা ১২ হাজার ৬০ হেক্টর, চাষ হয়েছে ১২ হাজার ৬২ হেক্টর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার এ তথ্য জানিয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, সরকার কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেওয়ায় প্রতি বছর রোপা আমন চাষে আগ্রহ বাড়ছে। আমন কাটা শেষে কৃষকরা বোরো ধান, সরিষাসহ রবি শস্যের চাষ করবেন। এ মৌসুমে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন