শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

প্রাণিসম্পদ মেলা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত, সময় বাড়ল একদিন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৩:৩৪ পিএম

প্রাণিসম্পদ মেলা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত, সময় বাড়ল একদিন

গরু নিয়ে কৃষক

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে চলমান মেলা এখন ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ও মেলা ২৬ নভেম্বর শুরু হয়। আগে মেলা ২৮ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সময়সূচি অনুযায়ী মেলা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

মন্ত্রণালয় জানিয়েছে, দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে সময় বাড়ানো হয়েছে। প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে জানানো যাবে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগও বাড়বে।

এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। মেলাটি হচ্ছে রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। সপ্তাহটি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে।