শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

ঢাকার নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, কমবে তাপমাত্রা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৩:৪৪ পিএম

ঢাকার নদীতীরে ১০০ মিটার সুরক্ষা বলয়, কমবে তাপমাত্রা

বুড়িগঙ্গা নদীতে নৌকা

ঢাকার চারপাশের নদীর দুই তীরে ১০০ মিটার জুড়ে নতুন কোনো স্থাপনা করা যাবে না। নদী দূষণ রোধ ও অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণের স্বার্থে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদী ও সংলগ্ন খাল-নর্দমার দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্যতা নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথ উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা হয়। ওই সভায় দুই তীরের ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি ও বেসরকারি স্থাপনার অনুমোদন বন্ধের সিদ্ধান্ত হয়।

বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)। রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম জানান, জলপথ নিয়ে কেন্দ্রীয় সেলের সভার সিদ্ধান্ত ৩ দশমিক ৮ অনুযায়ী এই দুটি সংস্থা ১০০ মিটার সুরক্ষা বলয় বাস্তবায়ন করবে।

১০০ মিটার মাপা হবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীরে বসানো সীমানা পিলার থেকে। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার জানান, ১৯৫০ সালের আইনে নদীর সীমানা থেকে ৫০ মিটার অর্থাৎ ১৫০ ফুটের বাইরে বাড়ি করতে বিআইডব্লিউটিএর অনুমতি লাগত। সরকার এখন তা বাড়িয়ে ১০০ মিটার অর্থাৎ ৩০০ ফুট করছে। পরিপত্র জারি হলে বিআইডব্লিউটিএ বাস্তবায়নের কাজ করবে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে শহরের গ্রিন-ব্লু নেটওয়ার্কে বড় উন্নতি হবে। সবুজ এলাকা (পার্ক, গাছপালা, বন) ও নীল এলাকা (নদী, খাল, পুকুর, জলাশয়) একসঙ্গে যুক্ত নেটওয়ার্ক হিসেবে গড়ে উঠবে। এতে শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকতে সাহায্য করবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বলেন, নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা না করার উদ্যোগ আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল। স্থাপনা হলে বর্ষায় পানি নামতে পারে না, শহরে জলাবদ্ধতা তৈরি হয়। তিনি নদীর দুই পাশে সীমানা নির্ধারণ করে নদীতীর উন্নয়নের পরামর্শ দেন - মানুষের বেড়ানো ও বসার জন্য উন্মুক্ত জায়গা, গাছপালা লাগানো হবে সেখানে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, নদী দখল ও দূষণ বন্ধে আরও অনেক পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।