নভেম্বর ২৮, ২০২৬, ১০:১০ এএম
দুই বছর বন্ধ থাকার পর এবার মহান বিজয় দিবসে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ডিসেম্বর এই আয়োজন ঘিরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠিয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ৯টায় নিজ নিজ জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। কুচকাওয়াজ ও ডিসপ্লের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, বিজয়মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় সভায় ১৯ দফা জাতীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। এরপর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
ডিসপ্লের বিষয়ে প্রশাসন বাড়তি সতর্কতা নিচ্ছে। জেলা পর্যায়ে একাধিক উপকমিটি ডিসপ্লের চিত্রনাট্য যাচাই করে অনুমোদন দেবে, যাতে দেশবিরোধী কোনো বিষয় উপস্থাপিত না হয়। বার্ষিক পরীক্ষা এখন চলছে, শেষ হবে ৬ ডিসেম্বর। এরপর শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লের প্রস্তুতি নেবে। রাজবাড়ীর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ জানান, ৬ ডিসেম্বরের আগে উপকমিটি গঠন করে বিদ্যালয় ও কলেজ থেকে ডিসপ্লের চিত্রনাট্য সংগ্রহ করে যাচাই করা হবে। নরসিংদীর জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক জানান, দিবসটি সফল করতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক বলেন, গত দুই বছর কুচকাওয়াজ ও ডিসপ্লে না হওয়ার কারণ তার জানা নেই। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন হওয়ায় এবার এই আয়োজন না হওয়ার কোনো কারণ দেখেন না তিনি।
২০২৪ সালের ১০ ডিসেম্বর তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছিলেন, সেবার বিজয় দিবসে কুচকাওয়াজের পরিবর্তে দেশজুড়ে বিজয়মেলা হবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে না। পরের বছর ২০২৫ সালের ১৯ নভেম্বর সচিবালয়ে এক সভা শেষে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জাতীয় প্যারেড গ্রাউন্ডসহ জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ হবে না। এতে দুই বছর ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের এই আয়োজন বন্ধ ছিল। এ বছর মার্চে স্বাধীনতা দিবসে কিছু প্রতিষ্ঠানে সীমিত পরিসরে কুচকাওয়াজ হয়েছিল।
জাতীয় কর্মসূচি অনুযায়ী ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ সব জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। দিবসের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন। জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয়মেলার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য প্রীতি ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতা থাকবে। ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতার ও টেলিভিশনে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হবে। ১৬ ডিসেম্বর বিশেষ ডাকটিকিট প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র দেখানো হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (দিবস ও সেবা) মোহাম্মদ আজিজুর রহমান জানান, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন