শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

বেগুন চাষে সম্ভাবনা কুড়িগ্রামের চরে, দরপতনে হতাশ কৃষক

কৃষি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৩১ পিএম

বেগুন চাষে সম্ভাবনা কুড়িগ্রামের চরে, দরপতনে হতাশ কৃষক

গাছে ঝুলন্ত বেগুন. ছবি: দিনাজপুর টিভি

কুড়িগ্রামের চরাঞ্চলে বেগুন চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দুধকুমার নদের একটি চরেই প্রায় এক হাজার বিঘা জমিতে বেগুন উৎপাদিত হচ্ছে। প্রতিদিন শত শত মণ বেগুন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। তবে হঠাৎ দরপতনে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।

ভূরুঙ্গামারীর গয়নারকুটি চরের দম্পতি মাইদুল ইসলাম ও আঁখি বেগম তিন বিঘা জমিতে স্থানীয় গ্রিন জাতের বেগুন চাষ করেছেন। গত বছর এই জমি থেকে উৎপাদন খরচের তিন গুণ আয় করেছিলেন তারা। এবার সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের বাড়তি খরচের পর কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে সংশয়ে পড়েছেন।

গত বছর এই বেগুন ক্ষেত থেকে প্রতিমণ ২২০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এবার মৌসুমের শুরুতে দাম ছিল ৩০০০ থেকে ৩২০০ টাকা। কিন্তু বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায়। এক কৃষক জানান, গতবার ৩০০০, ২২০০, ২৫০০ টাকা দরে বিক্রি করেছেন, এবার বাজার ৮০০ থেকে এক হাজারের মধ্যে।

পুরো চরজুড়ে সারি সারি বেগুনের ক্ষেত। অন্তত এক হাজার বিঘা জমিতে কয়েকশো কৃষক বেগুন চাষ করছেন। বেগুন চাষ ও পরিবহন ঘিরে ঘোড়ার গাড়িসহ বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থান তৈরি হয়েছে। এক ঘোড়ার গাড়িচালক জানান, প্রায় ছয় মাস ধরে ঘোড়ার গাড়িতে বেগুন টানছেন, প্রতিদিন ১২০০ টাকা আয় হয়।

কৃষকদের অভিযোগ, ফসলের দাম কম থাকলেও ওষুধ ও সারের দাম বেশি। এক কৃষক বলেন, "ফসলের দাম কম থাকে, ওষুধপাতি সারের দাম যদি বেশি থাকে তাহলে গৃহস্থ বাঁচবে কীভাবে?" কৃষকরা বলছেন, তারা সঠিক মূল্য পাচ্ছেন না, ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে। ন্যায্যমূল্য না পেলে কৃষি বিপণন অধিদপ্তর ব্যবস্থা নেবে বলে আশা করছেন তারা।

উদ্যোক্তারা জানান, পরিকল্পিত বাজার ব্যবস্থা ও কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা গেলে জেলার চার শতাধিক চরে এই চাষ ছড়িয়ে দেওয়া সম্ভব। স্থানীয়রা বলছেন, মাঠ পর্যায় থেকে সরাসরি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় বাজারগুলোতে বেগুন পাঠাতে পারলে আরও বেশি লাভবান হতেন কৃষকরা। ন্যায্য দাম নিশ্চিত ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া গেলে বেগুন চাষই বদলে দিতে পারে চরাঞ্চলের অর্থনীতি।