শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা: ভূমিমন্ত্রী

কৃষি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৬:২২ পিএম

প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা: ভূমিমন্ত্রী

গবাদিপশুর খামার

ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, প্রাণিসম্পদ রাজশাহীর সম্ভাবনাময় খাতগুলোর একটি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সপ্তাহটি পালিত হচ্ছে।

 

মন্ত্রী বলেন, এ অঞ্চলের উদ্যোক্তারা পশুপালন ও পোল্ট্রিসহ বিভিন্ন খামার গড়ে তুলে নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কৃষিনির্ভর এই অঞ্চল থেকে প্রতিদিন শত শত ট্রাক তাজা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে সপ্তাহে দুই দিন কয়েকশ ট্রাকে গরু, মহিষ ও ছাগল দেশের অন্য অঞ্চলে যাচ্ছে।

 

ভূমিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতে রাজশাহী অনেক এগিয়ে গেছে। এই শিল্প খাতকে আরও এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত সম্পদ নয়, এটি জাতীয় সম্পদ বলেও তিনি উল্লেখ করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম চালিকাশক্তি। দুধ, ডিম ও মাংস উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে তিনি জানান। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর হোসেনসহ সরকারি কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের আগে নগরীর সিএন্ডবি মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সার্কিট হাউজের সামনের সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। আলোচনা সভা শেষে রাজশাহী জেলার সেরা দশজন খামারি উদ্যোক্তার হাতে মেডেল, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।