শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রাম বিমানবন্দরে তার চুরি, যুবকের কারাদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৬:৩৬ পিএম

চট্টগ্রাম বিমানবন্দরে তার চুরি, যুবকের কারাদণ্ড

আটককৃত যুবক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ এক যুবককে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সকালে বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত আনসার সদস্যরা তাঁকে আটক করেন।

আটককৃত ব্যক্তির নাম মো. সোহেল। তল্লাশিতে তাঁর সঙ্গে থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে বিষয়টি বিমানবন্দরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, আটক মো. সোহেল দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগে এর আগেও তিনি কারাভোগ করেছেন বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।