নভেম্বর ২৮, ২০২৬, ০৫:০০ পিএম
রংপুরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে হট্টগোল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা। এ সময় সংগঠনের জেলা সভাপতি রামজীবন কুন্ডুকে মারধরের অভিযোগ উঠেছে। ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। একপর্যায়ে পণ্ড হয়ে যায় সম্মেলন।
শনিবার নগরীর আবু সাঈদ ইন্ডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। পরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে সম্মেলন আয়োজক কমিটির সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন রামজীবন কুন্ডুকে মারধর করেন। ছিঁড়ে ফেলা হয় ব্যানার ও ফেস্টুন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, এই সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।
আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রামজীবন কুন্ডু।
পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এখানে বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকতে পারেন বলে জানান সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
এ ঘটনায় মহানগর পুলিশ জানিয়েছে, সম্মেলনের বিষয়ে তারা আগে থেকে অবগত ছিল না। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশীদ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন