অক্টোবর ৩, ২০২৬, ০৩:৩১ পিএম
দিনাজপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সদরসহ জেলার তেরোটি উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু এবং স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। সভায় জানানো হয়, চলতি বছর দিনাজপুর জেলায় এক হাজার ৩১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
দিনাজপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১৬৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে বলে স্বাগত বক্তব্যে নিশ্চিত করেন জেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। তিনি উল্লেখ করেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কেন্দ্রীয় কমিটি থেকে ২৩টি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার রায় বলেন, যেসব উপজেলায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে এবং যেগুলোর কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো আগামী ১৫ অক্টোবরের মধ্যে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। তিনি পরিষদকে সক্রিয় ও সাংগঠনিকভাবে গতিশীল রাখার তাগিদ দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার রায়, ধর্মীয় সম্পাদক ডা. ডিসি রায়, বিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার রায় এবং নবাবগঞ্জ উপজেলা কমিটির প্রতিনিধি বিপ্লব কুমার দাস। এ ছাড়া তেরোটি উপজেলা থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ সাংগঠনিক প্রেক্ষাপট তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে স্বরূপ বকসী বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের জন্য ছুটি বৃদ্ধি করেছেন এবং উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে অনুদানের পরিমাণও বাড়িয়েছেন। এ জন্য জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সাথে উৎসব নির্বিঘ্ন করতে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক ও কার্যকর ভূমিকা কামনা করেন তিনি। সভার শুরুতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত সুনীল কুমার চক্রবর্তীসহ পরিষদের প্রয়াত সকল নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন