নভেম্বর ২৮, ২০২৬, ০৫:০৫ পিএম
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। "চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলবো একসাথে" স্লোগানে এই সম্মেলন ও মেলা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে চা চাষীদের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সম্মেলন ও মিলনমেলা শুরু হয়।
পরে বেলা ১১টায় জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে জেলার ছয় শতাধিক চা চাষী অংশ নেন।

বর্ণাঢ্য র্যালি
পরে অডিটরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

বেলুন উড়িয়ে উদ্বোধন
পরে চা চাষী সম্মেলন ও মিলন মেলা উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খানসহ অন্যান্য অতিথি ও চা চাষীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চায়ের গুণগত মান ঠিক রাখতে সময়মতো সার প্রয়োজন। এ জন্য জৈব বালাইনাশক সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে। চায়ে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ না করে অর্গানিক উপায়ে উৎপাদন বাড়াতে হবে। চায়ের গুণগত মান বাড়াতে হাতে চা পাতা তোলার পরিবর্তে মেশিনের মাধ্যমে চা পাতা তোলা হচ্ছে। ঋণ ও অনুদানের মাধ্যমে কৃষকদের চা পাতা তোলার মেশিন দেওয়া হচ্ছে। চায়ের ন্যায্য দাম পাওয়ার জন্য কর্মশালার মাধ্যমে চাষীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চা পাতা নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে, সে জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে চা চাষীরা সজাগ রয়েছেন। তবে চা চাষীদের রাসায়নিক সারের সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন, তা না হলে উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে।
পরে বিকেলে চা চাষীদের নিয়ে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন