মার্চ ১৩, ২০২৬, ০৪:২৪ পিএম
পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট এলাকার মহানপাড়া গ্রামে চায়ের সাথী ফসল হিসেবে আম চাষ করে বাড়তি আয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান বসিরুল আলম প্রধান। চা বাগানের ফাঁকা জমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে সেখানে বিভিন্ন জাতের আম গাছ লাগিয়ে তিনি গড়ে তুলেছেন সমন্বিত কৃষির একটি অত্যন্ত লাভজনক মডেল।
স্থানীয়ভাবে ‘আলম চেয়ারম্যান’ হিসেবে পরিচিত সত্তোর বছর বয়সী এই প্রবীণ কৃষি উদ্যোক্তা তার ২২ একর জমিতে চা ও আমের এই সমন্বিত বাগান গড়ে তুলেছেন। চা চাষে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৪ সালে ক্ষুদ্র চা চাষী হিসেবে জাতীয় পুরস্কারেও ভূষিত হয়েছেন।
বসিরুল আলম প্রধানের এই বাগানে বর্তমানে প্রায় পাঁচ হাজার ‘ব্যানানা ম্যাংগো’ গাছ রয়েছে। এর পাশাপাশি প্রায় ৫০টি আম্রপালি এবং আরও শতাধিক বিদেশি জাতের আম গাছের আবাদ করা হয়েছে। শুরুতে চা বাগানে ছায়া দেওয়ার জন্য বা শেড ট্রি হিসেবে কিছু আম গাছ রোপণ করলেও পরে ফলন ও মুনাফা ভালো হওয়ায় তিনি ব্যাপকভাবে সাথী ফসল হিসেবে আম চাষ শুরু করেন।
২০২৪ সালে তিনি আম বিক্রি করে প্রায় ৪০ লাখ টাকা এবং ২০২৫ সালে ২৫ লাখ টাকা আয় করেন। চলতি মৌসুমে প্রতিটি গাছে প্রচুর মুকুল আসায় তিনি গতবারের চেয়েও বেশি ফলনের আশা করছেন।শুধু আম নয়, একই জমি থেকে চা উৎপাদনেও ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন তিনি। গত ২০২৪ সালে তার বাগানে এক লাখ ৬৭ হাজার ৬৭১ কেজি চা উৎপাদিত হয়েছিল, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ পাঁচ হাজার ৪৮৯ কেজিতে। বর্তমানে প্রতি কেজি কাঁচা চা পাতা ৩৬ টাকা দরে বিক্রি করে তিনি নিয়মিত আয় করছেন।
চায়ের বাজারের দরপতন কিংবা চায়ের উৎপাদন কম হলেও ফলের এই বাড়তি আয় কৃষকের অর্থনৈতিক ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয়। আধুনিক পদ্ধতিতে সাজানো তার এই বাগানটি এখন স্থানীয় তরুণ কৃষকদের জন্য একটি বড় অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক আব্দুল মতিন জানিয়েছেন, চা বাগানের মাঝখানের ফাঁকা জায়গাগুলো সাধারণত অব্যবহৃত থাকে। বসিরুল আলম প্রধান সেখানে আম চাষ করে যে মডেল তৈরি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। ফলের বাড়তি আয় চায়ের আয়ের পরিপূরক হিসেবে কাজ করে যা কৃষকের ভাগ্য বদলে সহায়ক। সঠিক পরিচর্যা ও কারিগরি পরামর্শের মাধ্যমে এই ধরনের সমন্বিত চাষাবাদ সারাদেশে ছড়িয়ে দিতে পারলে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন