রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে চায়ের মানোন্নয়ন প্রশিক্ষণ: দুর্বলতা চিহ্নিত করার আহ্বান চা বোর্ডের

আবু সালেহ মোঃ রায়হান

অক্টোবর ১১, ২০২৬, ০৫:৫৩ পিএম

পঞ্চগড়ে চায়ের মানোন্নয়ন প্রশিক্ষণ: দুর্বলতা চিহ্নিত করার আহ্বান চা বোর্ডের

ছবি: দিনাজপুর টিভি

উত্তরাঞ্চলের চা শিল্পকে এগিয়ে নিতে নিজেদের উৎপাদিত চায়ের গুণগত মান সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি উৎপাদনের প্রতিটি ধাপের দুর্বলতা চিহ্নিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড। রোববার (১১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত গুণগতমানের চা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে চা বোর্ড চেয়ারম্যান বলেন, নিজেদের উৎপাদিত পণ্যের মান নিয়ে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি কোথায় ঘাটতি রয়েছে তা জেনে সতর্ক হতে হবে। নিজের ভুল ও সীমাবদ্ধতা চিহ্নিত করার সক্ষমতাই মানোন্নয়নের প্রথম শর্ত বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে শিল্পের বিকাশ ধরে রাখতে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো বজায় রাখার পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ ও নাড়াচাড়ার কোন পর্যায়ে মানের অবনতি ঘটছে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য ও গবেষণা ও উন্নয়ন অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, পরিচালক ইসমাইল হোসেন, বাংলাদেশ বটলিফ চা কারখানার সভাপতি নিয়াজ আলী চিশতী, স্মল টি ওনার্স অ্যান্ড ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহজাহান খান এবং চা চাষী সমিতির উপদেষ্টা আনিসুর রহমান নূতন।

প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় চা চাষি, বিভিন্ন চা কারখানার কর্মকর্তা ও মালিকসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

প্রশিক্ষণ পর্ব শেষে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের নিচতলায় সমতলের বিভিন্ন প্রক্রিয়াজাত চায়ের গুণগত মান পরীক্ষা করা হয়। সেখানে উত্তরাঞ্চলের ৩০টি কারখানায় উৎপাদিত চা সরাসরি পান করে মান যাচাই করেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ইসমাইল হোসেন।