শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

কৃষক কার্ডে ৫ লাখ চাষি পাবেন ১০২ কোটি টাকা

কৃষি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৫:১৪ পিএম

কৃষক কার্ডে ৫ লাখ চাষি পাবেন ১০২ কোটি টাকা

ফসলের মাঠে কৃষক

কৃষক কার্ডে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সরাসরি আর্থিক সহায়তা পাবেন। প্রথম ধাপে প্রায় ৫ লাখ কৃষকের মধ্যে বিতরণ হবে ১০২ কোটি টাকা। প্রত্যেক কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা পাবেন।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দুটি কর্মসূচিতে মোট ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা বিতরণ হবে। শুধু যেসব কৃষকের ব্যাংক হিসাব আইবাস প্লাস প্লাসের মাধ্যমে যাচাই করা হয়েছে, তারাই এ সহায়তা পাবেন। এমন কৃষকের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৫৯১ জন।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় প্রথম কর্মসূচি হবে। খুলনা ও ঢাকা বিভাগের ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষক এতে অন্তর্ভুক্ত থাকবেন। তাদের মধ্যে ২ লাখ ৬৮ হাজার ৮৩৬ জনের ব্যাংক হিসাব যাচাই করা হয়েছে। এ কর্মসূচিতে বিতরণ হবে ৬৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা।

আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধায় দ্বিতীয় কর্মসূচি হবে। রংপুর বিভাগের ১ লাখ ৫৪ হাজার ২৩১ জন কৃষক এতে অন্তর্ভুক্ত থাকবেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৭৫৫ জনের ব্যাংক হিসাব যাচাই করা হয়েছে। এ কর্মসূচিতে বিতরণ হবে ৩৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেবেন। কুষ্টিয়া সদর উপজেলার একটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকের ১ হাজার ৯৯০ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ হবে। সোনালী ব্যাংক কার্ড বিতরণে যুক্ত রয়েছে।

দেশজুড়ে এখন পর্যন্ত ২৬ লাখ ৯৮ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কমিটি অনুমোদন দিয়েছে ১৯ লাখ ২ হাজার জনের। ব্যাংক হিসাব যুক্ত হয়েছে ১৬ লাখ ৫২ হাজার জনের। আইবাস প্লাস প্লাসের মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব ও কৃষকের সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম বলেন, তথ্য সংগ্রহ, যাচাই ও নিবন্ধনের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা তাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বলেন, তথ্যভিত্তিক নিবন্ধন, ব্যাংক হিসাব যাচাই ও স্বচ্ছ বিতরণের মাধ্যমে কৃষি সেবা সহজ, কার্যকর ও কৃষকবান্ধব করা হচ্ছে। আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে ধাপে ধাপে এ কর্মসূচির আওতায় আনা হবে।