বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

কৃষক কার্ড বিতরণে নতুন সময়সূচি সার অনিয়মে কঠোর হুঁশিয়ারি কৃষি সচিবের

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৯:১৫ পিএম

কৃষক কার্ড বিতরণে নতুন সময়সূচি  সার অনিয়মে কঠোর হুঁশিয়ারি কৃষি সচিবের

কৃষক কার্ড শুধু কৃষি সহায়তা পাওয়ার মাধ্যম নয়, বরং এটি কৃষকের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতির প্রতীক বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রাজশাহী অঞ্চলে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এনডিসি সভায় সভাপতিত্ব করেন। কৃষকের অধিকার সুরক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে উল্লেখ করে সচিব জানান, আগামী ৩০ নভেম্বর ও ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী আরও তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন।

সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না।

দায়িত্ব পালনে ব্যর্থতা কিংবা সার বিতরণে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন মো. সেলিম খান। তিনি বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষা ও কৃষি উৎপাদন অব্যাহত রাখতে যথাসময়ে ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া কৃষি মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকার। কৃষকের চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সঠিক পরিমাণ সার সরবরাহ নিশ্চিত করতে হবে। উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করে তিনি এ অঞ্চলের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সার ডিলারদের মধ্যে এখন আর কোনো বিভাজন নেই, সবাই কৃষি মন্ত্রণালয়ের সার ডিলার বলে মন্তব্য করেন কৃষি সচিব। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দেন তিনি। সার মজুত ও বিক্রির হিসাব প্রতিদিন মনিটরিং করা হবে। যেসব ডিলার এখনো বরাদ্দকৃত সার উত্তোলন করেননি, তাদের দ্রুত সার উত্তোলন করে কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সার সংগ্রহ করতে গিয়ে কৃষক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে প্রশাসন ও কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন সচিব। সার নিয়ে কোনো হয়রানি বা অনিয়মের শিকার হলে কৃষকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার বিক্রয়কেন্দ্র খোলা রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

এতে কৃষক তাদের সুবিধামতো সময়ে সার সংগ্রহ করতে পারবেন বলে জানান মো. সেলিম খান। তিনি বলেন, বোরো মৌসুমে সারের কোনো ঘাটতি হবে না। দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের চাহিদা অনুযায়ী সার পৌঁছে দেওয়া সম্ভব হবে। এবার আমন মৌসুমে বাম্পার ফলন হয়েছে জানিয়ে সচিব বলেন, কৃষকের মুখে যে স্বস্তির হাসি দেখা যাচ্ছে, তা ধরে রাখতে কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। জমির উর্বরতা ও ফসলের চাহিদা অনুযায়ী পরিমিত ও সুষম সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি কৃষকদের মাটি পরীক্ষা ও ফসলভিত্তিক সুপারিশ অনুসারে সার প্রয়োগে সচেতন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এর আগে রাজশাহী অঞ্চলে সারের সার্বিক সরবরাহ ব্যবস্থাপনা, বিশেষ করে সাপ্লাই চেইনে উত্তোলন ও অনুত্তোলনসংক্রান্ত সমস্যা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পিপিবি) কামরুল হাসান। তিনি জানান, সাপ্লাই চেইন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

সভায় কৃষিমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. খোরশেদ আলম, যুগ্মসচিব (সম্প্রসারণ) মোহাম্মদ এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আতিকুর রহমান এবং উপসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মুহাম্মদ শহিদ উল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং সার ডিলারদের প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় সার সরবরাহ, বিতরণ ও মাঠপর্যায়ের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্যসূত্র: বাসস, বিডি প্রতিদিন