বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির সামনে ম্যাটাডোরের ধাক্কায় গাড়ি ক্ষতিগ্রস্ত

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৯:৩৬ পিএম

ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির সামনে ম্যাটাডোরের ধাক্কায় গাড়ি ক্ষতিগ্রস্ত

কলকাতায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির সামনে পার্ক করে রাখা তার গাড়িতে একটি পণ্যবাহী ছোট ট্রাক বা ম্যাটাডোর ধাক্কা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় ঋতুপর্ণা গাড়িতে না থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। ধাক্কায় তার বিলাসবহুল গাড়িটির বেশ কয়েকটি অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং বাঁ পাশের পেছনের দিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন।

হঠাৎ বিকট শব্দ শুনে তিনি ও বাড়ির কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং সামনে রাখা গাড়িটিতে ম্যাটাডোরের ধাক্কা লাগার দৃশ্য দেখেন। ওই সময় ঋতুপর্ণার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। কেউ সেখানে উপস্থিত থাকলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন অভিনেত্রী। বিপজ্জনক এমন পরিস্থিতি এড়ানো যাওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

ঘটনার পর ম্যাটাডোরের চালককে পালিয়ে যেতে না দিয়ে আটকে রাখেন ঋতুপর্ণা ও বাড়ির লোকজন। গাড়িটির চাবিও তখন নিজেদের হেফাজতে নেন তারা। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি গাড়িটির অনুমোদিত চালক নন এবং পেশায় একজন ক্যাটারিং কর্মী। তার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না বলে অভিনেত্রী জানিয়েছেন।

অনুমতি ও বৈধ লাইসেন্স ছাড়া বাণিজ্যিক গাড়ি চালানোর বিষয়টিকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেছেন ঋতুপর্ণা। এমন অবিবেচক কাজ যেকোনো সময় বড় দুর্ঘটনা বা প্রাণহানির কারণ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সমাজের প্রতি প্রত্যেক মানুষের ন্যূনতম দায়িত্ববোধ থাকা উচিত।

গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো বিপদ ছাড়াই রক্ষা পেয়েছেন ঋতুপর্ণা। বৈধ লাইসেন্স ছাড়া বাণিজ্যিক গাড়ি চালানোর এই ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।