নভেম্বর ১৯, ২০২৬, ০৯:০৯ পিএম
বিশ্বসেরা ১০০ তারকা নির্বাচনের তালিকায় ৯২তম স্থান পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার এই তালিকা প্রকাশ করেছে।
সাময়িকীটির প্রকাশিত তালিকায় ভারতের একমাত্র তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। তার ক্যারিয়ারের প্রতিনিধিত্বশীল কাজ হিসেবে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত দেবদাস সিনেমার কথা উল্লেখ করেছে ভ্যারাইটি।
তালিকার একেবারে শীর্ষে রয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। এর পরের অবস্থানগুলোতে আছেন হামফ্রে বোগার্ট দ্বিতীয়, চার্লি চ্যাপলিন তৃতীয়, জ্যাক নিকলসন চতুর্থ এবং ক্যাথরিন হেপবার্ন পঞ্চম স্থানে। সেরা দশে আরও জায়গা পেয়েছেন সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি চলচ্চিত্রের কিংবদন্তি তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।
শাহরুখ খানের ঠিক পরেই ৯৩ নম্বরে অবস্থান করছেন হোয়াকিন ফিনিক্স। অন্যদিকে তালিকায় নিকোলাস কেজ ৮৯, কেট উইন্সলেট ৮৪, এমা স্টোন ৯৪ এবং জেনডায়া ৯৮ নম্বরে রয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে আগেও একাধিক স্বীকৃত তালিকায় স্থান পেয়েছেন শাহরুখ। ২০২২ সালে এম্পায়ার সাময়িকীর পাঠকদের ভোটে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় জায়গা পান তিনি, যেখানে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে টাইম সাময়িকী তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।
অভিনয়জীবনের শুরুটা শাহরুখ করেছিলেন আশির দশকের শেষ দিকে টেলিভিশনের মাধ্যমে। দিওয়ানা সিনেমার হাত ধরে বলিউডে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। তিন দশকের বেশি সময় ধরে চলা অভিনয়জীবনে ৯০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। বাণিজ্যিক সাফল্য আর বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাবের কারণে তিনি কিং খান ও বলিউড বাদশাহ নামেও পরিচিত।
আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখের পরবর্তী সিনেমা কিং। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন