বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শাহরুখ-সুহানার ‍‍`কিং‍‍`: সিনেমার মূল চমক নিয়ে জল্পনা

বিনোদন ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০২:৫৪ পিএম

শাহরুখ-সুহানার ‍‍`কিং‍‍`: সিনেমার মূল চমক নিয়ে জল্পনা

বলিউড বাদশা শাহরুখ খান এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘কিং’ সিনেমার মাধ্যমে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নিয়ে বলিউড পাড়ায় ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর শাহরুখের নতুন এই প্রজেক্ট ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে এই সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের বলিউডে অভিষেককে।

দীর্ঘদিন পর শাহরুখকে পর্দায় দেখার অপেক্ষায় থাকা ভক্তরা এই সিনেমার প্রতিটি আপডেট বেশ আগ্রহের সঙ্গে গ্রহণ করছেন।সিনেমার শুটিং শেষ হতে চলেছে চলতি বছরের আগস্ট মাসে। শুটিং পরবর্তী কাজ বা পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার বাজেট সাড়ে চারশ কোটি টাকা। শাহরুখ খান এই সিনেমার জন্য দেড়শ দিনেরও বেশি সময় ধরে শুটিং করছেন। সুহানা খানের অভিষেককে কেন্দ্র করে সিনেমার প্রচার ও আয়োজনে কোনো কমতি রাখতে চাইছেন না বলিউড বাদশা।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে শহরের অপরাধ জগত এবং এক কুখ্যাত ডনকে কেন্দ্র করে। এই ডনের একনিষ্ঠ শিষ্যা হিসেবে দেখা যাবে সুহানা খানকে, যে তার গুরুর সব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে। সিনেমাটিতে আন্তর্জাতিক মানের স্টান্ট দলের পরিচালনায় কিছু অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে। পাশাপাশি বিশেষ জোর দেওয়া হয়েছে সিনেমার ভিএফএক্স-এর ওপর।

তারকাখচিত এই সিনেমায় শাহরুখ ও সুহানা ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও জয়দীপ অহলাওয়াত। বাবার সঙ্গে বড় পর্দায় সুহানার অ্যাকশন দেখার জন্য ভক্তরা এখন থেকেই উন্মুখ হয়ে আছেন। বড়দিনের সময় মুক্তি পেতে যাওয়া এই সিনেমা বক্স অফিসে বড় চমক দেখাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।