অক্টোবর ৬, ২০২৬, ০৪:৪৮ পিএম
দীর্ঘ দেড় দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে এই জুটিকে।
সর্বশেষ ২০১১ সালে ‘রা. ওয়ান’ সিনেমায় একসঙ্গে পর্দা ভাগ করেছিলেন তারা। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবরটি প্রকাশ্যে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন শাহরুখ ও কারিনা। ধারণা করা হচ্ছে, গানটি এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে এই গানটির শুটিং করবেন কারিনা।
এই শুটিংয়ের জন্য কারিনা কাপুর প্রায় পাঁচ দিন সময় বরাদ্দ করেছেন বলে জানা গেছে। বেশ বড় পরিসরে গানটির দৃশ্যধারণের পরিকল্পনা করা হয়েছে। তবে সবচেয়ে বড় গুঞ্জন হলো এই গানের কণ্ঠশিল্পী নিয়ে। শোনা যাচ্ছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো শিল্পী এই গানে কণ্ঠ দিচ্ছেন। সেই শিল্পী বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত তারকা এড শিরান হতে পারেন বলেও জোরালো গুঞ্জন রয়েছে। মজার বিষয় হলো, ‘ড্যাডি কুল’ গানে কারিনার সঙ্গে শাহরুখকে একেবারে নতুন একটি রূপে দেখা যাবে।
এর আগে ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘ডন’-এর মতো সফল সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন এই দুই তারকা। তবে ‘কিং’ সিনেমায় তাদের নতুন উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ‘কিং’ সিনেমার নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। ২ নভেম্বর থেকেই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে বলে দর্শক-ভক্তরাও দারুণ অপেক্ষায় আছেন। এই মেগাস্টার প্রজেক্টে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালের মতো একঝাঁক তারকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন