বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগির

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৬:০৯ এএম

গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগির

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের সঙ্গে বন্ধ থাকা ট্রেন যোগাযোগ এখনই চালু হচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভাঙচুর ও মহড়ার দিন ১৫ নভেম্বর থেকে জেলাটির সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে; নাশকতার আশঙ্কা থাকায় সরকার আপাতত ট্রেন চালুর কথা ভাবছে না বলে রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন চালুর উদ্যোগ নেওয়া হবে।

পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির চালু হচ্ছে না। দুটি থানার কার্যক্রম এখন গোপালগঞ্জ সদর থানায় চালানো হচ্ছে; পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটির সংস্কারকাজে হাত দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। থানা চালুর জন্য স্থানীয় লোকজন অনুরোধ করলেও এতে আরও সময় লাগবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এদিকে জেলাটিতে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে দেওয়া অর্থসহায়তার মধ্যে গোপালগঞ্জের জানুয়ারি থেকে মার্চ কিস্তির টাকা ছাড় না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সরকারের একাধিক সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেনযোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন; তবে কবে নাগাদ দুই থানার কার্যক্রম চালু হবে, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি, কিছুটা সময় লাগবে। ট্রেন সেবাও চালু হয়নি, এ সেবা চালু হতেও সময় লাগবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলের দিন পুলিশের একটি সাঁজোয়া যানে আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় পুলিশ বক্স ও জুলাই স্মৃতিস্তম্ভ। পরে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর জেরে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়; তার পর থেকে দুই থানার কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে পারছেন না স্থানীয় লোকজন।