বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

বিগ বসের প্রতিযোগী হওয়ার কথা ছিল শাহরুখ-করণেরও

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৫:৪৮ এএম

বিগ বসের প্রতিযোগী হওয়ার কথা ছিল শাহরুখ-করণেরও

করণ জোহর ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রথম সিজনে প্রতিযোগী হিসেবে আসার কথা ছিল বলিউড তারকা শাহরুখ খান ও প্রযোজক করণ জোহরের। দুই দশক পর শোয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট আনন্দ চবন এক সাক্ষাৎকারে এই তথ্য সামনে এনেছেন।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে আনন্দ চবন শোয়ের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেছেন। দুই দশক আগে ২০০৬ সালে শুরু হয়েছিল ‘বিগ বস’-এর প্রথম সিজন। শুরুর দিকে প্রতিযোগী হিসেবে শাহরুখ খান ও করণ জোহরের আসার কথা ছিল বলে জানিয়েছেন তিনি।

আনন্দ চবন বলেন, তখন নির্মাতাদের মূল ফোকাস ছিল প্রতিযোগী বাছাই করার দিকেই। আর সেই কারণেই তাদের পছন্দের তালিকার একেবারে শীর্ষে ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। তবে শেষ পর্যন্ত প্রতিযোগী হিসেবে শাহরুখ খান বা করণ জোহর—কারওই শোয়ে যোগ দেওয়া হয়নি।

তিনি জানান, তারকাদের সঙ্গে কথা বলার পর নির্মাতারা উপলব্ধি করেন যে প্রত্যেকের সঙ্গে আলোচনা ও অভিজ্ঞতা ভিন্ন ধরনের। প্রাথমিক পরিকল্পনায় সামান্য সময় লাগলেও শোয়ের সম্প্রচারে কোনো সমস্যা হয়নি। বড় তারকাদের রাজি করাতে না পারলেও নির্ধারিত সময়েই শো শুরু হয়েছিল বলে জানিয়েছেন আনন্দ চবন।

উল্লেখ্য, তখন শোয়ে সঞ্চালক হিসেবে কাউকে রাখার কথা ভাবা হয়নি। পরে সঞ্চালক হিসেবে ‘মুন্না ভাই এমবিবিএস’-এর অভিনেতা আরশাদ ওয়ারসিকে আনা হয়। প্রথম সিজনে প্রতিযোগী ছিলেন রবি কিষাণ, রাখি সাওয়ান্ত, কাশমেরা শাহ, অমিত সাধ ও রূপালী গাঙ্গুলি। বিজয়ী হয়েছিলেন রাহুল রয়।

এবারে ‘বিগ বস’-এর ২০তম সিজন চলছে। এতদিনে শোয়ের ধরনে কয়েক দফা পরিবর্তন এসেছে। দ্বিতীয় সিজনে সঞ্চালকের আসনে দেখা যায় অভিনেত্রী ও মডেল শিল্পা শেঠিকে। তৃতীয় সিজনে অমিতাভ বচ্চন সঞ্চালকের দায়িত্বে ছিলেন। চতুর্থ সিজন থেকে সালমান খান নিয়মিত সঞ্চালনা করে আসছেন। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের তামিল, তেলেগু, বাংলাসহ বেশ কিছু সংস্করণ আছে। বাংলা বিগ বসের তৃতীয় সিজন চলছে, এর সঞ্চালনা করছেন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।