বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

পাপুয়া নিউ গিনিতে বাংলাদেশি নিখোঁজ, সন্ধানে পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৬:০০ এএম

পাপুয়া নিউ গিনিতে বাংলাদেশি নিখোঁজ, সন্ধানে পুলিশ

পাপুয়া নিউ গিনির জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত

পাপুয়া নিউ গিনিতে এক বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন। রোববার বিকেলে কর্মস্থল থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ মিলছে না; তাঁকে খুঁজে পেতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে দেশটির পুলিশ।

নিখোঁজ বাংলাদেশির নাম পারভেজ মো. আবু নাঈম (৩৭)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম ‍‍`দ্য ন্যাশনাল‍‍`-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মস্থল থেকে বের হওয়ার সময় তিনি সহকর্মী কিংবা কর্তৃপক্ষকে কোথায় যাচ্ছেন, তা জানাননি।

ন্যাশনাল ক্যাপিটাল ডিস্ট্রিক্ট (এনসিডি) ও সেন্ট্রাল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার বেঞ্জামিন তুরি জানান, পারভেজের নিখোঁজের ঘটনায় রাজধানীর বোরোকো পুলিশ স্টেশনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিমানযাত্রীদের তথ্য যাচাই করে দেখা গেছে, নিখোঁজের দিন বিকেলে তিনি দেশটির লায়ে শহরে গিয়েছিলেন; ঘটনাটি অভিবাসন বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে জানানো হয়েছে।

পারভেজের কর্মস্থল কর্তৃপক্ষ তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁকে অপহরণ করা হয়ে থাকতে পারে কিংবা দেশের কোথাও জিম্মি করে রাখা হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তারাও তাঁর সন্ধানে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে, যাতে তিনি নিরাপদে আছেন কি না, তা নিশ্চিত করে বাংলাদেশে থাকা তাঁর পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়া যায়।

পুলিশের ধারণা, পারভেজ দেশটির হাইল্যান্ডস অঞ্চল অথবা মাদাংয়ে গিয়ে থাকতে পারেন। তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে আশপাশের থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন বেঞ্জামিন তুরি। এ ছাড়া পাপুয়া নিউ গিনি পুলিশের হটলাইন ১৮০০১০০ নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।