নভেম্বর ১৯, ২০২৬, ০৯:২৮ পিএম
সরকারি অর্থের অপচয়ে জড়িত কোনো কর্মকর্তা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তবে মিথ্যা অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে কারও প্রতি অন্যায় করা হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।
বৃহস্পতিবার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠন করা হবে। এই প্যানেল থেকে চার-পাঁচজনের একেকটি দল তৈরি করে দেশের বিভিন্ন জেলা ও প্রকল্পে আকস্মিক পরিদর্শনে পাঠানো হবে। কোনো নির্দিষ্ট বা স্থায়ী দল রাখা হবে না। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দল মাঠপর্যায়ের কাজের মান, অগ্রগতি ও ব্যয় যাচাই করবে। এর মাধ্যমে প্রকল্পের প্রকৃত চিত্র জানা যাবে এবং অনিয়মের সুযোগ কমবে।
গণপূর্ত অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান মন্ত্রী। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে অনেকগুলো জেলা ও উপজেলা থাকায় কাজ পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। সেই চাপ সামাল দিতে কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছেন বলেও মতবিনিময় সভায় উল্লেখ করেন জাকারিয়া তাহের। তাঁর নেতৃত্বে আগামী দশ বছর দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের চেহারা বদলে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। প্রতিটি প্রকল্পের সঙ্গে এ দেশের মানুষের শ্রম, ঘাম ও অর্থ যুক্ত রয়েছে। তাই সরকারি অর্থের অপচয়, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর জোর দেন তিনি।
প্রকল্পের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখা, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং নির্মাণকাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার তাগিদও দেন আহম্মদ সোহেল মনজুর। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না বলে তিনি জানান।
মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা সভায় উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন