অক্টোবর ৫, ২০২৬, ০৫:১৯ পিএম
শহরাঞ্চলে জনসংখ্যার মাত্রাতিরিক্ত চাপ কমাতে সরকার দীর্ঘমেয়াদি ও কার্যকর নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার পাশাপাশি গ্রামাঞ্চলে আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ করাই এই চাপ কমানোর কার্যকর বিকল্প হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বিশ্ব বসতি দিবস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গ্রামাঞ্চলে সুযোগ-সুবিধা বাড়িয়ে নগরমুখী জনস্রোত নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের মূল লক্ষ্য কোনো একক কেন্দ্রভিত্তিক বা কেন্দ্রীভূত নগরায়ণ নয়, বরং দেশজুড়ে একটি বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা। এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে ইতিমধ্যে প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারাদেশের জন্য পূর্ণাঙ্গ স্থানিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। একই সাথে রাজধানীর ওপর অতিরিক্ত চাপ কমাতে ঢাকার আশপাশে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার সুনির্দিষ্ট পরিকল্পনাও সরকার গ্রহণ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন