নভেম্বর ৩, ২০২৫, ১১:৩৫ এএম
ভবন সংক্রান্ত দুর্যোগের ঝুঁকি প্রশমনে শুধু আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, একইসাথে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল প্রযুক্তির ব্যবহার এবং নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি প্রশমনে সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ কথা জানান।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ভবন নির্মাণ এবং তা অনুমোদনের ক্ষেত্রে এই চারটি বিষয়—আইনের প্রয়োগ, পেশাজীবীদের দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং নির্মাণ সামগ্রীর মান—নিশ্চিত করা গেলে ভবিষ্যতের প্রতিটি ভবন হবে নিরাপদ ও পরিবেশবান্ধব।
সেমিনারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম নিরাপদ ভবন নির্মাণের গবেষণার জন্য একটি ‘আর্বান ডিজাস্টার ল্যাব’ গঠনের প্রস্তাব দেন।আলোচনায় অংশ নিয়ে অন্যান্য প্রকৌশলীরা বলেন, ভবনের নিরাপত্তায় অবশ্যই গুণগত ডিজাইন, সঠিক অনুমোদন প্রক্রিয়া এবং নির্মাণকাজের কঠোর তদারকি থাকতে হবে। একইসঙ্গে তারা ভবন নির্মাণের সঙ্গে জড়িত কনসালটেন্ট বা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন