নভেম্বর ২৮, ২০২৬, ০৬:২৬ পিএম
দিনাজপুরের ইতিহাসে রাজা রামনাথ এক স্মরণীয় নাম। পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণ করে তিনি নিজের নাম ইতিহাসের পাতায় স্থায়ী করে গেছেন। তাঁর সময়ের কীর্তি কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী মেলা শুরু হয়েছে।
রাজা প্রাণনাথের মৃত্যুর পর তাঁর দত্তক পুত্র রাজা রামনাথ ১৭২২ সালে দিনাজপুর জমিদারির দায়িত্ব নেন। ১৭৬০ সাল পর্যন্ত তিনি এ জমিদারি পরিচালনা করেন। বাংলার নবাবের কাছ থেকে তিনি জমিদারির স্বীকৃতিসূচক সনদ লাভ করেছিলেন।
প্রাণনাথ কান্তজিউ মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু জীবদ্দশায় শেষ করতে পারেননি। পিতার মৃত্যুর পর রামনাথ সেই অসমাপ্ত কাজের দায়িত্ব নেন। দীর্ঘ নির্মাণ প্রক্রিয়ার পর ১৭৫২ সালে মন্দিরটির নির্মাণ সম্পন্ন হয়। নবরত্ন রীতিতে নির্মিত মন্দিরের ওপরে ৯টি অলংকৃত চূড়া ছিল। দেয়ালের পোড়ামাটির ফলকে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, যুদ্ধ, শিকার, রাজদরবার আর তৎকালীন মানুষের জীবনের নানা চিত্র।
১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে মন্দিরের ৯টি চূড়াই ধ্বংস হয়ে যায়। মূল স্থাপনার বড় অংশ টিকে থাকে। পরে মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর মন্দিরটির সংস্কার ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজও কান্তজিউ মন্দির পোড়ামাটির শিল্প ও মধ্যযুগীয় স্থাপত্যের অসাধারণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে।
জনকল্যাণে রাজা রামনাথের সবচেয়ে পরিচিত কীর্তি রামসাগর দীঘি। দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামে অবস্থিত এ বিশাল জলাশয় তাঁর নামেই পরিচিত। ১৭৫০ থেকে ১৭৫৫ সালের মধ্যে তিনি এ দীঘি খনন করান। সে সময় এলাকায় খরা ও পানির সংকট দেখা দিয়েছিল। মানুষের পানির প্রয়োজন মেটানো আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই দীঘিটি খনন করা হয়।
দীঘি খননের কাজে প্রায় ১৫ হাজার শ্রমিক অংশ নিয়েছিলেন। জনশ্রুতি আছে, খনন কাজ শেষ করতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়েছিল। রামসাগরের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩১ মিটার আর প্রস্থ প্রায় ৩৬৪ মিটার। চারপাশের বনভূমি আর বিশাল জলরাশি দীঘিটিকে অনন্য সৌন্দর্য দিয়েছে। বর্তমানে রামসাগরকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। এটি দিনাজপুরের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র।
রাজা রামনাথের পৃষ্ঠপোষকতায় দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জে ১৭৫৪ সালে প্রাণ গোপাল মন্দির নির্মিত হয়। দিনাজপুর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরে অবস্থিত এ মন্দির রাজপরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার আরেক নিদর্শন। তাঁর সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়ে রাজবাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাজারামপুর মৌজায় বসতি স্থাপনের ব্যবস্থা করা হয়েছিল।
রাজবংশের সময় থেকে প্রতিবছর মহা উৎসবে মাসব্যাপী কান্তজিউ রাস মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত ২৪ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে রাস উৎসব ও পূজা অর্চনার মধ্য দিয়ে মেলার সূচনা হয়। জেলার কাহারোল উপজেলার কান্তনগরে অবস্থিত কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। দিনাজপুর দেবোত্তর স্টেটের এজেন্ট শ্রী রঞ্জিত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বকশি বাচ্চু।
দিনাজপুর রাজ দেবোত্তর স্টেটের এজেন্ট শ্রী রঞ্জিত কুমার সিংহ বলেন, রাজা রামনাথের অবদান শুধু একটি রাজপরিবারের গৌরব নয়, এটি দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তবে এসব নিদর্শন তত্ত্বাবধানের অভাবে বিলীন হয়ে না যায়, সে বিষয়ে সরকারিভাবে সংরক্ষণের দাবি জানান তিনি। দিনাজপুরবাসীসহ সর্বমহলের একই দাবি।
শত শত বছর পেরিয়ে গেলেও কান্তজিউ মন্দিরের পোড়ামাটির শিল্প, রামসাগরের বিশাল জলরাশি আর প্রাণ গোপাল মন্দির রাজা রামনাথের সময়ের ইতিহাস মনে করিয়ে দেয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন