নভেম্বর ২৮, ২০২৬, ০৬:৪০ পিএম
রাজধানীর পোশাক কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরেছে। অধিকাংশ কারখানা চালু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনে গাজীপুরের শিল্পাঞ্চল উত্তপ্ত ছিল। এ সময় প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি দেওয়া হতো।
মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে শ্রমিকরা কাজে ফিরেছেন। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে ফিরেছেন।
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তাঁরা সন্তুষ্ট এবং আর আন্দোলন করতে চান না। পোশাকশ্রমিক রাহিমা ও ইতি আক্তার জানান, আগের বেতনে মাসের খরচ মেটানো কঠিন ছিল। বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় তাঁরা নতুন মজুরি নিয়ে আশাবাদী।
কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকেরা আন্দোলন থেকে বেরিয়ে এসে আনন্দের সঙ্গে কাজে যোগ দিচ্ছেন। এতে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। কারখানা ভালো চললে শ্রমিক ও মালিক উভয় পক্ষই উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।
সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। গত সপ্তাহে সেখানে ৪৫টি কারখানা বন্ধ ছিল, শনিবার সেই সংখ্যা কমে ১৫টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১২টি, সাধারণ ছুটিতে দুটি এবং অন্যান্য কারণে একটি কারখানা বন্ধ রয়েছে।
গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা কাজে মনোযোগ দেবেন বলে আশা করছেন তাঁরা। বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।
মজুরি বোর্ডের চতুর্থ সভায় গত ২৪ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন