নভেম্বর ২৮, ২০২৬, ০৭:১৫ পিএম
পড়াশোনার আগ্রহ থাকলেও বরিশালের বস্তিতে বেড়ে ওঠা অনেক শিশুর শিক্ষাজীবন থমকে যায় মাঝপথে। আর্থিক অসচ্ছলতা আর সামাজিক বৈষম্যের বাধায় তারা স্কুল থেকে ছিটকে পড়ে। এমন শিশুদের ঝরে পড়া ঠেকাতে এগিয়ে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ-তরুণী।
বরিশাল নগরীর স্টেডিয়াম কলোনী। কীর্তনখোলা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এই কলোনীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সব শিশু স্কুলে যায় না। অনেকের লেখাপড়ার মানসিকতা থাকলেও অর্থের অভাবে যেতে হচ্ছে কাজে। ফলে এখানকার বেশিরভাগ শিশুই শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে।
এই অবস্থা বদলাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক পাঠদান কর্মসূচি চালু করেছে। শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তনখোলা নদীর পাড়ে চলে এই ব্যতিক্রমী ক্লাস। অর্ধশতাধিক শিশুকে নিয়মিত পড়াচ্ছেন তারা। শুধু পাঠ্যবই নয়, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করতে শেখানো হয় গান, কবিতা আর গল্প।
পদাতিক সামাজিক সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ভূমিকা সরকার বলেন, বাচ্চাদের জন্য কিছু করা যায় কি না ভেবে তারা খুঁজতে শুরু করেন শহরের কোথায় শিশুরা পড়াশোনা করতে পারছে না। এখানে এমন শিশুও আছে যাদের বয়স হয়েছে, অথচ ন্যূনতম শিক্ষাটুকু জানে না। তাদের শিক্ষার আওতায় আনার চেষ্টা করছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, এখানকার বাচ্চারা সুবিধাবঞ্চিত। দারিদ্র্য কিংবা পরিস্থিতির কারণে যে শিক্ষা পাওয়ার কথা, তা তারা এখনো পায়নি। খুব সামান্য বিষয়গুলোও তারা পারছে না। মাঝেমধ্যে এসে দেখা যায়, ওদের কলম-খাতা কিছুই নেই।
রসায়ন বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার সেতু বলেন, ত্রিশ গোডাউন এলাকায় ঘুরতে গিয়ে তারা দেখেন অনেক শিশু মৌলিক শিক্ষা পাচ্ছে না। প্রথম পর্যায়ে ২০ থেকে ২৫ জন শিশু নিয়ে পড়ানো শুরু করেন তারা। শিশুরা পড়ার বিষয়ে খুব আগ্রহী, কিছু কিছু ক্ষেত্রে তাদের মেধাও অনেক ভালো। এখানকার বেশিরভাগ শিশু স্কুলে যায় না। অন্তত প্রাথমিক শিক্ষাটা নিশ্চিত করা গেলে ভালো হতো বলে মনে করেন তিনি।
স্টেডিয়াম কলোনীর শিশু থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা কীর্তনখোলার পাড়ে পড়তে আসে। বাইরে টাকা দিয়ে কোচিং করতে না পারলেও এখানে দুই দিনের ক্লাসে তারা অনেক কিছু শিখতে পারছে। এখানে পড়েই দুজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে।
অভিভাবক দেলোয়ারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা গরিবের ছেলেমেয়েদের পড়াশোনা শেখাচ্ছে। সামর্থ্য না থাকায় অভিভাবকরা নিজেরা পড়াতে পারছেন না। তবে রাস্তার ওপর বসে পড়ার কারণে একটু সমস্যা হয়। তাই শিশুদের জন্য একটি ভালো জায়গার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। দরিদ্র শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন কাজ করবে বলে জানিয়েছেন তিনি। বরিশাল সমাজসেবা ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ বলেন, শিক্ষার্থী হয়েও অন্য শিক্ষার্থীদের পড়াচ্ছেন বলে বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীদের ধন্যবাদ জানাই। তিনি নিজে সরেজমিনে পাঠদান কর্মসূচি পরিদর্শন করেছেন। যারা স্কুল ড্রেস কিনতে পারছে না, বই-খাতা কিনতে পারছে না, তাদের বিষয়ে জেলা প্রশাসক ও সমাজসেবা বিভাগের উপপরিচালকের সঙ্গে আলাপ করে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।
শিক্ষার ফেরিওয়ালা এই শিক্ষার্থীরা মনে করেন, সুন্দর একটি জাতি গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শুধু স্টেডিয়াম কলোনী নয়, বরিশালের সব সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়াতে চান তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন