বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব

জাতীয় ডেস্ক

মে ৩১, ২০২৬, ০৬:৩৮ পিএম

সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সরকারি বাসভবনে এক ব্যতিক্রমী ও আনন্দঘন পরিবেশে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার বেইলি রোডস্থ মন্ত্রীর বাসভবনের সবুজ চত্বরে এই বিশেষ ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের পুরোটা সময়জুড়ে বিভিন্ন সরকারি শিশু পরিবারের অনাথ ও প্রান্তিক শিশুরা অনাবিল আনন্দের মেতে ওঠে। 

মন্ত্রী নিজে শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি তাদের সঙ্গে একটি দীর্ঘ সময় কাটিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেন।মন্ত্রীর সরকারি বাসভবনে এসে মনের আনন্দে ও উল্লাসে মেতে উঠেছিল বিভিন্ন কেন্দ্র থেকে আসা সুবিধাবঞ্চিত শিশুরা।

এই ব্যতিক্রমী অনুষ্ঠানে মিরপুর সরকারি শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা সশরীরে অংশ নেয়। 

অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিশুর সঙ্গে মন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদের ছুটির ব্যক্তিগত গল্প শোনেন। তিনি নিজের হাতে সকল শিশুকে লিচু, আমসহ বিভিন্ন দেশীয় মৌসুমী ফল ও বিশেষ পুষ্টিকর খাবার আপ্যায়ন করান। মন্ত্রীর কাছ থেকে এই ধরনের আদর-আপ্যায়ন ও ভালোবাসা পেয়ে উপস্থিত কোমলমতি শিশুরা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে।শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের টেকসই সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

এই সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন যে ঈদের প্রকৃত আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান সরকার প্রতিটি শিশুর ভবিষ্যৎ ও সুন্দর জীবন নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি দৃঢ়ভাবে জানান। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসিসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।