শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্য মন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৮:৫৫ পিএম

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে হবে: পার্বত্য মন্ত্রী

মতবিনিময় সভায় বক্তব্য

পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চল ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়কর মওকুফ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, দেশের ইতিহাসে তা প্রথম। পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকার বা বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের কিছু চাওয়া-পাওয়ার বিষয় থাকতে পারে। তবে প্রশ্ন হলো, তারা কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ২০০৪ সালের ৬ আগস্ট থেকে তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মহালছড়ির মুবাছড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল। তিনি সেখানে তিন মাস অবস্থান করেন। বিষয়টি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে বারবার জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে বলেন মন্ত্রী। তিনি বলেন, উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল এখানে দাঙ্গা ও সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির উসকানি দেয়। তবে সাধারণ মানুষ এখন সচেতন। গত নির্বাচনে অর্ধেকের বেশি পাহাড়ি ভাই-বোনেরা তাকে ভোট দিয়ে যে আস্থার জায়গা তৈরি করেছেন, তা প্রমাণ করে একসঙ্গে থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না।

গভীর রাতে সন্দেহজনক চলাফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, রাত দুইটা-তিনটার দিকে পরিচয়হীন কিছু মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলাচল করে। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে সেটিকে কেন্দ্র করে বড় ধরনের সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। গত দুই বছরের বেশি সময় ধরে পাহাড়ি-বাঙালি যেভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, তা যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে প্রশাসন ও স্থানীয়দের সজাগ থাকতে হবে।

পার্বত্য অঞ্চলের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান পাহাড়ের ১১টি এবং সমতলের ৪০টিসহ মোট ৫১টি জাতিসত্তাকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে একীভূত করেছিলেন। পার্বত্য মানুষের শিক্ষা, স্বাস্থ্য, শান্তি ও আর্থ-সামাজিক উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড় জনগোষ্ঠীকে একত্রিত করে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ও পাঁচ একর করে জমি দিয়ে তাদের স্থায়ী আয়ের ব্যবস্থা করেছিলেন তিনি।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও পর্যটন খাতে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া। এছাড়া খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জ্ঞাসা খোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, ডিজিএফআই কমান্ডার এস এম রেজাউন্নূর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্রসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।