নভেম্বর ২৮, ২০২৬, ০৭:৫৮ পিএম
শীতকালে শসা চাষ করতে হবে দুটি ধাপে। কড়া শীত পড়ার আগে বীজ বসাতে হবে একবার, আরেকবার শীতের মাঝামাঝি সময়ে। এভাবে বসালে শীত শেষ হতে হতে শসা তোলা শেষ হয়ে যাবে। শীতের মাঝে বা শীতের শেষে বীজ বসালে গরম পড়ে যাবে, তখন ফলনের তারতম্য হবে।
রমজান মাসকে লক্ষ্য করে অনেক চাষি শসা চাষ করেন, কারণ তখন দাম ভালো থাকে। এবার রমজান পড়েছে শীতের শেষ দিকে, ফেব্রুয়ারির ৮ তারিখের দিকে। ফেব্রুয়ারি মাসজুড়ে শসা তুলতে চাইলে তার ৫০ দিন আগে বীজ বসাতে হবে, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে। নভেম্বর মাস চলছে, হাতে সময় আছে সর্বোচ্চ ৩০ দিন। এই ২৫ থেকে ৩০ দিনের ভেতরে দুটি ধাপে বীজ বসানো যায়, এখন থেকে পাঁচ-ছয় দিনের ভেতরে একবার, আর ডিসেম্বরের শেষে আরেকবার। তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শসা তোলা যাবে।
জাত নির্বাচনে খেয়াল রাখতে হবে, শীতকালীন জাতই বসাতে হবে, গরমকালীন জাত নয়। মাচার জন্য ভালো জাত হিমশীতল, আর মাটির জন্য নন্দিনী। দুটোই দেশি ধরনের শসা। মাচার জাত মাচায় বেশি দিন ধরে তোলা যায়, গায়ে পাউডার হয়, একদম দেশি ধরনের শসা হয়।
মাচার উচ্চতা গরমকালের মতো করলে হবে না। মাচা করতে হবে মাটি থেকে দুই হাত উঁচু, সর্বোচ্চ আড়াই হাত। দুই হাত করলে সবচেয়ে ভালো হয়। শীতকালে গাছের গাঁট এমনিতেই ছোট হয়ে যায়, লতানোর ভাব কমে যায়। তিন হাত মাচা করলে গাছকে ওপরে উঠতে অতিরিক্ত শক্তি দিতে হয়, অনেক সময় ওপরে পৌঁছানোর আগেই মাথা কুঁকড়ে যায়, বৃদ্ধি মন্দ হয়ে যায়, নিচেই আগেভাগে ফুল চলে আসে। তাই শীতকালে নিচু মাচাই ভালো।
মাটিতে চাষ করলে তিন হাতের বেড বানিয়ে তার দুই পাশে গাছ লাগাতে হবে। ড্রেন রাখতে হবে এক হাত চওড়া, ড্রেনে জল জমিয়ে রাখলে সেই জল রসে রসে বেডের ভেতরে যাবে, গাছের শিকড় সেখানে খেলা করবে। ড্রেনে জল দিলে বেডের ওপরে জল যাবে না, বেডের ওপরে অবাঞ্ছিত ঘাস জন্মাবে না। মালচিং করেও করা যায়, মালচিংয়ের ওপর দিয়ে গাছ বাইয়ে দিলে ঘাসের প্রশ্নই আসে না।
শীতের শসা চাষের শেষ সময়সীমা পৌষ মাসের ১৫ তারিখ। এরপর আর বসাতে যাওয়া যাবে না, কারণ তারপর গরম চলে আসবে, তখন আবার গরমের জাত লাগাতে হয়। শীতের ভেতরে শীতের জাত করলে লোকসানের সম্ভাবনা কম থাকে।
জমি তৈরিতে প্রথমে লাঙল দিয়ে অথবা টানা ফাল দিয়ে মাটি আলগা করে রাখতে হবে ৭ থেকে ১০ দিন। এতে মাটির ভেতরের গ্যাস বেরিয়ে যাবে, রোদে শুকিয়ে ছত্রাক মরবে, মাটি অনেকটা জীবাণুমুক্ত হবে। তারপর শেষ চাষ দিলে মাটি একদম গুঁড়ো আর ভুরভুরে হবে, জল দিলে ফুলে উঠবে, চেপে যাবে না, পাথরের মতো হবে না।
সার হিসেবে প্রথমে গোবর সার দিতে পারলে সবচেয়ে ভালো হয়, আর এক বিঘায় ১৫ কেজি খোল দিতে হবে। এই দুটো দিলে গাছ দীর্ঘমেয়াদি ফসল দেবে। তারপর শেষ চাষের সময় রাসায়নিক সার দিতে হবে। ফসফরাস বেশি আছে এমন সার ভালো হবে, ১২-৩২-১৬ অথবা ১৪-৩৫-১৪ অথবা ডিএপি, এই তিনটির যেকোনো একটি। ১২-৩২-১৬ বা ১৪-৩৫-১৪ দিলে তার ভেতরে পটাশ রয়েছে, আলাদা করে দিতে হবে না। ডিএপি দিলে তার সঙ্গে ৫ থেকে ৬ কেজি পটাশ দিতে হবে, শীতকালে বেশি পটাশ দিলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। ডিএপি দিতে হবে এক বিঘায় ২০ কেজি মতো, আর ১২-৩২-১৬ বা ১৪-৩৫-১৪ দিলে কাঠায় ১ কেজি করে।
ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই দিতে হবে, শীতকালে এটি দিলে গাছ বেশিদিন সবুজ থাকবে। এক বিঘায় ২ কেজি দিতে হবে, দাম কেজিতে ৮০ টাকা মতো। এর সঙ্গে বায়োস্টিমুল্যান্ট দিতে হবে ২ কেজি, অলইন ওয়ান্ডার প্লাস, বায়োভিটা এক্স, ন্যানোজিম এক্সট্রুড অথবা সাগরিকা জেড প্লাস, যেকোনো একটি। এগুলোর ভেতরে সামুদ্রিক শৈবালের নির্যাস ও অ্যামিনো অ্যাসিড থাকে। শীতকালে দিন ছোট থাকে, সকাল ৮টা-৯টার দিকে সূর্য ওঠে, ৩টার দিকে সূর্য থাকে না, এই অল্প সময়ের ভেতরে গাছকে খাদ্য তৈরি করতে হয়। বায়োস্টিমুল্যান্ট সালোকসংশ্লেষের হার বাড়ায়, পাতা সবুজ থাকে, গাছের লতানোর হার ভালো থাকে। এছাড়া অনুখাদ্য মাটিতে প্রথম থেকে দিয়ে দিলে ভালো কাজ হবে, সর্বোচ্চ ৩ কেজি দেওয়া যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন