নভেম্বর ২৮, ২০২৬, ০৮:১২ পিএম
জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সকল গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে সরকার আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও লুটপাটের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে হুইপ বলেন, এই দলের মাধ্যমে দেশে আর কোনো নৈরাজ্য হতে দেওয়া হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে সম্পদ লুণ্ঠন করেছে, যা পূরণ হওয়ার নয়। দলটি দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিগত আমলে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানান হুইপ দুলু। গত ১৮ বছর ডিজিটাল কালো আইন দিয়ে মানুষের বাক্ স্বাধীনতা হরণ করা হয়েছিল বলেও তিনি বলেন।
শেখ হাসিনার হাতে গণতন্ত্র কোনোদিন নিরাপদ ছিল না উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে, বিএনপি এই ধারা বিপন্ন করবে না।
প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন