শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

সমন্বিত খামার গড়ে সফল উদ্যোক্তা মনিরুজ্জামান

কৃষি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৮:৫২ পিএম

সমন্বিত খামার গড়ে সফল উদ্যোক্তা মনিরুজ্জামান

সমন্বিত খামারের দৃশ্য. ছবি: এআই জেনারেটেড

পাথরের ব্যবসা ছেড়ে কৃষি উদ্যোক্তা হয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জের তরুণ মো. মনিরুজ্জামান। সীমান্তের কাছে রাধানগর গ্রামে অনাবাদি জমিতে গড়ে তুলেছেন সমন্বিত খামার। ধান, সরিষা, গম, ভুট্টা, শাকসবজি, কলা, পেঁপেসহ নানা ফল, পুকুরে মাছ, খামারে গরু, হাঁস-মুরগি আর কবুতর, কী নেই তার খামারে। তার খামারের নাম নাবিল ও আদিল এগ্রো ফার্ম।

রাধানগরে একসময় জীবিকার প্রধান অবলম্বন ছিল পাথর উত্তোলন। সেই পাথরের ব্যবসা থেকেই জীবিকা চলত মনিরুজ্জামানের। কিন্তু ২০১৮ সালে পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার পর তৈরি হয় অনিশ্চয়তা। তখন জীবিকার জন্য বিদেশে যাওয়ার কথাও ভেবেছিলেন তিনি। শেষ পর্যন্ত নিজের মাটিতেই খুঁজে নেন নতুন সম্ভাবনা।

২০১৯ সালে মাত্র আটটি কবুতর দিয়ে শুরু করেন খামার গড়ার যাত্রা। এরপর ধীরে ধীরে যুক্ত করেন হাঁস-মুরগি ও গরু পালন, মাছ চাষ এবং ফসল উৎপাদন। বছরের পর বছর পড়ে থাকা অনাবাদি জমিতে শুরু করেন চাষাবাদ। সেই জমিই এখন তার স্বপ্ন পূরণের ভিত্তি। প্রায় ২৫ বিঘা জমিতে গড়ে উঠেছে তার সমন্বিত খামার। মনিরুজ্জামান জানান, এখন তিনি ৩০ বিঘা জমি চাষাবাদ করছেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে।

মনিরুজ্জামান বলেন, সব জমি পরিত্যক্ত ছিল। তিনি চিন্তা করেন, এই জমিকে কাজে লাগানো যায় কি না। সেই থেকে তিনি লেগে আছেন। আগে এসব জমিতে এক ফসল হতো, এখন তিন থেকে চার ফসল হচ্ছে। এক ইঞ্চি জায়গাও পরিত্যক্ত নেই। অল্প দিয়ে শুরু করেছিলেন, প্রথম দিকেই মোটামুটি সফল হচ্ছিলেন।

মাটির স্বাস্থ্য ভালো রাখতে জৈব সার উৎপাদন ও ব্যবহারে নিজেই নানা কাজ করছেন তিনি। খামারের গোবর দিয়ে সার তৈরি করেন। সেই জৈব সার দিয়েই শসা, ঝিঙ্গা, লাউসহ নানা ফসল করছেন।

এই খামারে নিয়মিত কাজ করেন চারজন। এছাড়া প্রয়োজন অনুযায়ী আরও ১০ থেকে ১৫ জন অস্থায়ী শ্রমিক যুক্ত হন। তার এই উদ্যোগের প্রভাব পড়েছে আশেপাশের গ্রামেও। মনিরুজ্জামানের খামার দেখে রাধানগরের অনেকেই নিজেদের জমিতে চাষাবাদ শুরু করেছেন। বিশেষ করে তরুণদের মধ্যে কৃষির প্রতি আগ্রহ বাড়ছে।

স্থানীয়রা জানান, তারা এসে দেখেন এখানে মাছ চাষ, ফসল চাষ, ফল, গরুর খামার, এসব দেখে এলাকার মানুষ উৎসাহিত হচ্ছেন। তরুণ প্রজন্ম মনিরুজ্জামানকে দেখে উৎসাহিত হচ্ছে, অনেকেই তার দেখাদেখি কৃষিতে কাজ করছেন।

অনাবাদি জমিকে চাষের আওতায় আনা, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন এবং সমন্বিত খামার গড়ে তোলার মতো উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি কর্মকর্তারা। কোম্পানীগঞ্জের কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান জানান, তারা ইতিমধ্যে হলুদ, সরিষাসহ বিভিন্ন উন্নত জাত, ভার্মিকম্পোস্টের প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে চেষ্টা করেছেন। আশেপাশের কৃষকরা মনিরুজ্জামানকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগ থেকে প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া হচ্ছে, নিয়মিত মনিটরিং ও ভিজিট করা হচ্ছে।

তবে মনিরুজ্জামানের পরিকল্পনা শুধু ফসল উৎপাদন বা খামার পরিচালনায় সীমাবদ্ধ নয়। তার স্বপ্ন এই উদ্যোগকে ঘিরে গড়ে তুলবেন কৃষি পর্যটন কেন্দ্র। সেখানে দর্শনার্থীরা দেখবেন মাঠভরা ফসল, খামারের পশুপাখি ও গ্রামের প্রাকৃতিক পরিবেশ, জানতে পারবেন কৃষিকাজের নানা দিক। এই পরিকল্পনা বাস্তবায়নে কৃষি পর্যটন নিয়েও কাজ শুরু করেছেন তিনি। তার প্রত্যাশা, কৃষি, প্রকৃতি ও গ্রামীণ জীবনকে একসঙ্গে যুক্ত করা গেলে রাধানগরে তৈরি হবে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। এতে একদিকে কৃষিপণ্যের ব্যবহার বাড়বে, অন্যদিকে স্থানীয়দের জন্য তৈরি হতে পারে কর্মসংস্থানের সুযোগ।