রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষায় ২৫ নির্দেশনা

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১২:০৯ এএম

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষায় ২৫ নির্দেশনা
আলিম পরীক্ষার কক্ষ

চলতি বছরের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ২৫ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, আলিম-২০২৬ এর নিয়মিত পরীক্ষার নীতিমালা মেনে সংশ্লিষ্ট কেন্দ্রের মাদ্রাসা প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের প্রতিস্বাক্ষরসহ কেন্দ্রের তথ্য ছক আগামী ২৯ নভেম্বরের মধ্যে বোর্ডের দাপ্তরিক ইমেইলে পাঠাতে হবে।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে বলা হয়েছে, ট্রেজারি বা থানা লকারের ট্রাঙ্কে রাখা প্রশ্নপত্রের প্যাকেট যাচাই করার সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে। পরীক্ষার দিনগুলোতে পুলিশ পাহারায় প্রশ্নপত্রের প্যাকেট কেন্দ্রে আনতে হবে। বোর্ডের পাঠানো বার্তায় জানানো সেট কোড পাওয়ার পরই প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় সংরক্ষণ করতে হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনেও পুলিশের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে বলা হয়েছে।

কেন্দ্রের শৃঙ্খলা ও আসন বিন্যাস সম্পর্কে নির্দেশনায় বলা হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তাও শুধু ছবি তোলা যায় না এমন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন এবং প্রতি কক্ষে কমপক্ষে দুজন কক্ষ প্রত্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। ছাত্রীদের কক্ষে অবশ্যই একজন নারী শিক্ষক থাকতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্রের মাদ্রাসার শিক্ষক নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কক্ষে দায়িত্ব পালন করতে পারবেন না। কমপক্ষে তিন ফুট দূরত্ব রেখে প্রতি বেঞ্চে সর্বোচ্চ দুজন পরীক্ষার্থীর আসন করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কেন্দ্রের বাইরে শৃঙ্খলা রক্ষায় হ্যান্ড মাইক ও সিসি ক্যামেরা স্থাপন করতে বলা হয়েছে।

পরীক্ষা শেষে বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে। নিয়মিত ও অনিয়মিত উত্তরপত্র আলাদা করে হলুদ কাপড়ে মুড়িয়ে ডাকযোগে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের ঠিকানায় পাঠাতে হবে।